আমতলীতে ইউনিয়ন পরিষদ, প্রাথমিক বিদ্যালয়সহ চার প্রতিষ্ঠানের তালা ভেঙে ল্যাপটপ ও টাকা চুরি

আমতলীতে ইউনিয়ন পরিষদ, প্রাথমিক বিদ্যালয়সহ চার প্রতিষ্ঠানের তালা ভেঙে ল্যাপটপ ও টাকা চুরি

২৭ June ২০২৬ Saturday ৬:৪৬:৫৫ PM

Print this E-mail this


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে ইউনিয়ন পরিষদ, প্রাথমিক বিদ্যালয়সহ চার প্রতিষ্ঠানের তালা ভেঙে ল্যাপটপ ও টাকা চুরি

বরগুনার আমতলীতে মসজিদ, দোকান, ইউনিয়ন পরিষদ ও প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানগুলোর তালা ভেঙে ল্যাপটপ ও টাকা চুরি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঘোপখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোপখালী মসজিদ, ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ এবং ওই এলাকার শানু হাওলাদারের দোকানে চুরি হয়। এ সময় মসজিদের আলমারি ভেঙে টাকা, বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ থেকে দুটি ল্যাপটপ, ৪০ হাজার টাকা এবং দোকানটি থেকে সিগারেট চুরির ঘটনা ঘটেছে। পুলিশ-প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়নটির বিভিন্ন গ্রামে চুরির ঘটনা ঘটছে।

ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. মোর্শ্বেদা বেগম বলেন, চোর চক্র বিদ্যালয়ের তালা ভেঙে ঢুকে আলমারি থেকে একটি ল্যাপটপ এবং সেখানে রাখা নৈশপ্রহরী বাক্‌প্রতিবন্ধী মহিউদ্দীনের ২০ হাজার টাকা চুরি করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

নৈশপ্রহরী তাঁর দায়িত্ব রেখে কোথায় গিয়েছিলেন জানতে চাইলে প্রধান শিক্ষিকা বলেন, প্রতিবন্ধী মানুষ, রাতে তাঁর ব্যক্তিগত জরুরি কাজে বাড়িতে গিয়েছিলেন।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, পরিষদে রাখা একটি ল্যাপটপ ও ২০ হাজার টাকা চুরি হয়েছে। পাশাপাশি আলমারির ভেতরে রাখা সব কাগজপত্র তছনছ করা হয়েছে।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা. সোহেলী পারভীন মালা বলেন, চোর চক্র ল্যাপটপ, টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। কিছু কাগজপত্র পথে পাওয়া গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts