| ২৬ June ২০২৬ Friday ৩:৩৫:৪৪ PM | |
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের বিপরীতে অবস্থিত গুহদের হাটে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও মোবাইল ফোনে রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঝালকাঠি ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি পাকা ভবনে থাকা ওয়ালটন শোরুম এবং ছয়টি টিনশেড ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দুটি কাপড়ের দোকান, একটি সেলুন, একটি খালি দোকান, একটি সমিতির অফিস, একটি ফটোকপি ও মুদি-মনিহারি দোকান এবং দুটি মোটরসাইকেল।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল মালেক মিয়া বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশপাশের আরও ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা রক্ষা করা সম্ভব হয়েছে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

