রাজস্ব আয়ের লক্ষ্য বাস্তবসম্মত নয়, বাজেটে বড় ঘাটতির শঙ্কা এনসিপি এমপির – DesheBideshe

রাজস্ব আয়ের লক্ষ্য বাস্তবসম্মত নয়, বাজেটে বড় ঘাটতির শঙ্কা এনসিপি এমপির – DesheBideshe



রাজস্ব আয়ের লক্ষ্য বাস্তবসম্মত নয়, বাজেটে বড় ঘাটতির শঙ্কা এনসিপি এমপির – DesheBideshe

ঢাকা, ২৫ জুন – বিএনপি সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে অবাস্তব হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন।

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন করা কঠিন হবে এবং শেষ পর্যন্ত এটি একটি বিশাল ঘাটতির বাজেটে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

আখতার হোসেন উল্লেখ করেন যে, প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন যে সংস্থাটি আগে ৪ লাখ কোটি টাকাও আদায় করতে পারেনি, তাদের ওপর এত বড় বোঝা চাপিয়ে দিয়ে ঘাটতি কম দেখানোর চেষ্টা করা সাধারণ জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি সতর্ক করেন যে, এনবিআর লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে বর্তমান ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি আরও প্রকট হবে।

সরকার অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে যা বেসরকারি খাতে বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে বলে তিনি মনে করেন। তার মতে, এর ফলে অর্থনীতিতে স্থবিরতা দেখা দেবে এবং কর্মসংস্থান সংকুচিত হবে।

ব্যাংকিং খাতের অরাজকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, বেশ কয়েকটি ব্যাংক সংকটের মুখে রয়েছে। ব্যাংক রেজল্যুশন আইনের ১৮ ধারার সমালোচনা করে তিনি বলেন, যারা ব্যাংক লুটপাট করেছে তাদের মাত্র সাড়ে সাত শতাংশ অর্থ ফেরতের বিনিময়ে পুনরায় মালিকানা ফিরিয়ে দেওয়ার বিধান অযৌক্তিক।

এছাড়া মধ্যবিত্তের ওপর আয়করের বোঝা বাড়ানো এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর অগ্রিম কর আরোপের সমালোচনা করে তিনি কৃষি ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এনএন/ ২৫ জুন ২০২৬



Explore More Districts