বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe



বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

ঢাকা, ২৫ জুন – চীনের বেইজিংয়ে অবস্থিত ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই চার দিনের রাষ্ট্রীয় সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে এই সাক্ষাৎকে।

বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান যে বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তিনি আশা প্রকাশ করেন যে এই আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে যা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সফরের শেষ দিনের কর্মসূচিতে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাণিজ্য এবং অবকাঠামোগত উন্নয়নসহ পারস্পরিক স্বার্থের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম চীন সফর। সফর শেষে শুক্রবার বিকেলেই প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এনএন/ ২৫ জুন ২০২৬



Explore More Districts