এডিপি বরাদ্দের রাস্তা নির্মাণে অনিয়ম-দুর্নীতি রোধে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সরেজমিন পরিদর্শন

এডিপি বরাদ্দের রাস্তা নির্মাণে অনিয়ম-দুর্নীতি রোধে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সরেজমিন পরিদর্শন

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় চলমান রাস্তা নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং টেকসই অবকাঠামো নির্মাণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্মাণাধীন ও সংস্কারাধীন সড়ক ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার
সাফফাত আরা সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সায়ফুল ইসলাম মোল্লা এবং এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ টিপু সুলতান।

কর্মকর্তারা নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান, কাজের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং জনগণ দীর্ঘস্থায়ী সুফল পায়।

উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ বলেন, “সরকারের উন্নয়ন প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছে।”

স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে উন্নয়নমূলক কাজের মান আরও বৃদ্ধি পাবে এবং জনগণ প্রকৃত সুফল ভোগ করতে পারবে।

উপজেলা প্রশাসনের এই তদারকি কার্যক্রমের ফলে এডিপি বরাদ্দের প্রকল্পগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Explore More Districts