
ঢাকা, ১৫ জুন – দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ এবং ‘সুখকর নয়’ বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই মন্তব্য করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সোমবার থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান। সেখানে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে প্রবেশাধিকার দেওয়া হবে কি না, সে বিষয়েও কোনো স্পষ্ট তথ্য প্রদান করা হয়নি। এই পরিস্থিতিতে উপদেষ্টা নিজেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইমিগ্রেশন কর্তৃপক্ষ দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দিলেও তিনি তাতে রাজি হননি। বিমানবন্দরের অসহযোগিতা এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আমরা পুরো ঘটনাটি জেনে অবশ্যই পদক্ষেপ নেব। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্টে সার্ক ভিসা নিয়ে ভারতে গিয়েছিলেন। তবে দিল্লি রওনা হওয়ার আগেই বাংলাদেশ হাই কমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নোট ভারবালের মাধ্যমে সফরের বিষয়টি অবহিত করেছিল। এমনকি ব্যক্তিগতভাবেও যোগাযোগ করা হয়েছিল বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, প্রশাসনিক ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত একটি নজরদারি তালিকায় উপদেষ্টার নাম থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে শনাক্ত করে। যদিও সেই তালিকা থেকে তার নাম আগে থেকেই বাদ দেওয়ার কথা ছিল কিন্তু ইমিগ্রেশন ডাটাবেজে তা আপডেট হয়নি। এই ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ জানাতে সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ানকুমার বঢেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
এনএন/ ১৫ জুন ২০২৬





