কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা এলাকার আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)।
আহতরা হলেন, পেকুয়া উপজেলার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২) ও নিহত হাসান আলী পরিবারের ২ সদস্য পাখি বেগম (৫৫) এবং রামিম (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি এস আলম পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
অপর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর যানবাহন দুটি থানায় নিয়ে আসা হয়েছে । পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


