শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে চৌগাছায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে চৌগাছায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু ও নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের চৌগাছায় র‍্যালি, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিডিডি ও লিলিয়ন ফান্ডসের সহযোগিতায় যুব সংগঠনের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মানববন্ধনের মাধ্যমে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ এবং শিশুদের অধিকার সুরক্ষার দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং শিশুদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রাসেল আশরাফ, প্রকল্প সমন্বয়কারী আশিস কুমার চ্যাটার্জি, ফিল্ড ট্রেইনার নজরুল ইসলাম, সিবিআর অফিসার মামুনুর রশিদ বকুল, সিবিআর ফ্যাসিলিটেটর সাইদুর রহমান, সিবিআর ইন্টার্ন পিংকি খাতুনসহ যুব ক্লাব, ইমপ্যাক্ট গ্রুপ এবং সিআরসি’র সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তারা সকলকে শিশু ও নারী অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Explore More Districts