যশোর অফিস: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক দালাল চক্রের সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুরে দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সুমন দেবনাথ (২৫)। তিনি যশোর শহরের বিরামপুর এলাকার বাসিন্দা এবং বাবু দেবনাথের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সুমন দেবনাথ দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে যোগাযোগ করে নানা প্রলোভন দেখিয়ে বাইরে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠাতেন। এ সময় রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রোববার হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে বাইরে প্রাইভেট ক্লিনিকে স্থানান্তরের চেষ্টা করার সময় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে কর্তৃপক্ষ কর্তব্যরত পুলিশ সদস্যদের অবহিত করলে পুলিশ তাকে আটক করে তত্ত্বাবধায়কের কার্যালয়ে নিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।


