পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ গ্রেফতার

পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ গ্রেফতার

৬ June ২০২৬ Saturday ১:১৭:১৫ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ গ্রেফতার

পিরোজপুরে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া আব্দুল গনি শিকদার মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটি বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুক্তারকাঠি এলাকায় বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল তুলতে গিয়েছিল ওই শিশু। এ সময় অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে ও ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে তার একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত আব্দুল গনিকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বাইরে বের হয়। আমাদের বাসার কাছেই বলেশ্বর নদী হওয়ায় সেখানে সে ফুল তুলতে গিয়েছিল। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা আব্দুল গনি আমার মেয়েকে জোর করে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে আমি খবর পেয়ে সেখানে গেলে আমাকেও মারধর করার হুমকি দেওয়া হয়। আমি দ্রুত পুলিশকে জানালে তারা এসে আমার মেয়েকে উদ্ধার করে এবং ওরে (অভিযুক্ত) ধরে নিয়ে যায়।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মুক্তারকাঠি এলাকায় ধর্ষণের খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার আব্দুল গনি শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts