পতেঙ্গায় আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী – দৈনিক আজাদী

পতেঙ্গায় আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী – দৈনিক আজাদী

চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় ১৩ একর জায়গায় উপর আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। চট্টগ্রাম সফরে এসে গতকাল শুক্রবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ কথা বলেন। তিনি পতেঙ্গার খেজুরতলা এলাকায় আধুনিক ক্রীড়া কমপ্লেক্স এর জন্য র্নিধারিত স্থান পরিদর্শন করেন। তিনি আরো বলেন, খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি প্রদান, নতুন প্রজন্মকে মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখা এবং একটি সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব জাতি গঠনের লক্ষ্যে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে গতকাল ‘শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিভাবান খেলোয়াড়দের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ৩শ জন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৫শ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হবে। ক্রীড়া কার্ডের মাধ্যমে খেলোয়াড়দের স্বাস্থ্যসেবা, বীমা সুবিধা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে শিশুকিশোরদের মোবাইল ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার থেকে বিরত রাখার অন্যতম কার্যকর মাধ্যম খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে শিশুরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকবে, তেমনি মানসিক বিকাশও ঘটবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে, যেখানে ১২ থেকে ১৪ বছর বয়সি ছেলে ও মেয়েরা সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে।

পটিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ উদ্বোধন : পটিয়া প্রতিনিধি জানান, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল ডিভাইসের আসক্তি ও মাদকের করাল গ্রাসমুক্ত দেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই এবং সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চা অপরিহার্য। গতকাল চট্টগ্রামের পটিয়ায় ৮ কোটি টাকা ২৭ লক্ষ ব্যয়ে নির্মিতব্য মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনামুল হক এনাম এমপি। প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও বাজেট বরাদ্দ সম্পন্ন হয়েছে। আধুনিক নকশায় দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান বক্তা এনামুল হক এনাম এমপি বলেন, পটিয়ায় ক্রীড়া উন্নয়নের লক্ষে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পটিয়া আজ এক নতুন যুগে পদার্পণ করল। প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের ওপর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ পটিয়া থেকেই তা আলোর মুখ দেখায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল, প্রকৌশলী সুকুমার সাহা, খোরশেদ আলম, মোশাররফ হোসেন দীপ্তি, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম, গাজী আবু তাহের, তৌহিদুল আলম, আবুল বশর ও নাজমুল হক রিপন প্রমুখ।

Explore More Districts