স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জে ভুল নম্বরে পাঠানো বিকাশের টাকা ফেরত নিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দিপু মিয়া (২৬)। গত বুধবার ৩ জুন বিকেলে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ভেলামারী আনন্দ বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দিপু মিয়া জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা এবং শাহিদুল ইসলামের ছেলে। তিনি জামালপুর শহরের এম এ রশীদ হাসপাতাল সংলগ্ন একটি কনফেকশনারি দোকান পরিচালনার পাশাপাশি বিকাশ ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দুই দিন আগে মাদারগঞ্জের এক ব্যক্তির মোবাইল নম্বরে ভুলবশত বিকাশে ২০ হাজার টাকা পাঠানো হয়। ওই টাকা ফেরত আনার উদ্দেশ্যে বুধবার মাদারগঞ্জে আসছিলেন দিপু। পথে ভেলামারী আনন্দ বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। দিপু মিয়া বিবাহিত ছিলেন। তিনি স্ত্রী ও এক শিশু সন্তান রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ঘটনায় উল্লাস নামে আরও এক যুবক আহত হয়েছেন। তিনি ইসলামপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।


