নবীগঞ্জে একই রাতে মসজিদ ও কাজী অফিসে দুর্ধর্ষ চুরি! – Habiganj News

নবীগঞ্জে একই রাতে মসজিদ ও কাজী অফিসে দুর্ধর্ষ চুরি! – Habiganj News

হবিগঞ্জের নবীগঞ্জ শহরের আল-করিম মসজিদ ও সংলগ্ন মাওলানা কাজী এম এ হাসান আলীর কাজী অফিসে গভীর রাতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। একই রাতে পাশাপাশি দুটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র প্রথমে কাজী অফিস এবং পরে আল-করিম মসজিদে প্রবেশ করে চুরি সংঘটিত করে। চোরেরা ভারী তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

কাজী অফিসের স্বত্বাধিকারী মাওলানা কাজী এম এ হাসান আলী জানান, চোরেরা অফিসের প্রধান তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়। এছাড়া অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে রেখে যায়। কিছু প্রয়োজনীয় নথিপত্রও নিখোঁজ রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অপরদিকে, আল-করিম মসজিদে প্রবেশ করে চোরেরা খেজি গেটের তালা ভেঙে দানবাক্স ভেঙে ফেলে। দানবাক্সে থাকা আনুমানিক ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে যায় তারা। সকালে মুসল্লিরা মসজিদে এসে তালা ভাঙা ও দানবাক্স ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অফিসে একই রাতে চুরির ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Explore More Districts