| ৩ June ২০২৬ Wednesday ৯:১২:১৫ PM | |
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে জেলা যুবদলের এক নেতাসহ বিএনপির দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত দুজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার এবং তার চাচাতো ভাই, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল সরদার। তারা দুজনই মধ্যরাস্তা এলাকার বাসিন্দা।
রিয়াজ সরদারের অভিযোগ, মঙ্গলবার রাতে তিনি ও তার চাচাতো ভাই সাইফুল সরদার মধ্যরাস্তা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে আওয়ামী লীগের স্টিকার লাগাতে এলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
তিনি আরও জানান, তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শেখ ইমরান শুভকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। একই দাবি জানিয়েছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক।
ঘটনার পর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত অনুসন্ধান চলছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
