
নেপিডো, ১ জুন – মিয়ানমারের শান রাজ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। চীন সীমান্তের নিকটবর্তী নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে স্থানীয় সময় গত রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
মাঠপর্যায়ের সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে যে, নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন। তবে বিভিন্ন প্রতিবেদনে হতাহতের সংখ্যায় কিছু ভিন্নতা লক্ষ্য করা গেছে।
বিস্ফোরণের পর গ্রামজুড়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং আশপাশের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়ে।
এলাকাটির নিয়ন্ত্রণকারী জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিএনএলএ এক বিবৃতিতে জানিয়েছে যে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই আকস্মিক বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের মাঝে বিমান হামলার আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে জানা যায় এটি একটি দুর্ঘটনা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা গেছে যে, বিস্ফোরণস্থলে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং চারদিকে ইটের স্তূপ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
টিএনএলএ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছে যে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ত্রাণ এবং পুনর্বাসনের সহায়তার আশ্বাস দিয়েছে গোষ্ঠীটি।
এনএন/ ১ জুন ২০২৬




