ভারতের জিওজিত ইনভেস্টমেন্টসের গবেষণা প্রধান ভি কে বিজয়কুমার বলেন, সম্প্রতি বাজারে উল্লেখযোগ্য প্রবণতা দেখা যাচ্ছে। বাজারে দরপতন হলে বিনিয়োগকারীরা শেয়ার কেনার দিকে ঝুঁকছেন, আবার দর বাড়লে মুনাফা তুলে নিচ্ছেন। তাঁর মতে, এ প্রবণতার পেছনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা থাকতে পারে। তবে খুচরা বিনিয়োগকারীদের এ পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত।
ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগ সরে যাওয়ার এ প্রবণতার পেছনে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে। একপর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারও অতিক্রম করে। এতে ভারতের আমদানি ব্যয় বেড়েছে এবং মূল্যস্ফীতির চাপ আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ডলারের বিপরীতে রুপির মূল্য কমছে। এসব কারণে ভারতের মতো উদীয়মান বাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে গেছে।
