ফটিকছড়ি পৌরসভায় কোরবানির পশুসহ ২টি গরু চুরি – দৈনিক আজাদী

ফটিকছড়ি পৌরসভায় কোরবানির পশুসহ ২টি গরু চুরি – দৈনিক আজাদী

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় চুরির ঘটনায় মো: তৈয়ব নামের এক ব্যক্তির কোরবানির জন্য ক্রয় করা গরু এবং মো: মফিজ নামের একজনের দুগ্ধজাত গাভী চুরি হয়ে গেছে।

মঙ্গলবার (২৬ মে) দিনগত রাতের সাড়ে ৩টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের আবদুর রহমান চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

চুরির ঘটনার একটি সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা গেছে, রাত ঠিক ৩টা ৪১ মিনিটে ৩ জন যুবক অত্যন্ত কৌশলে গরু দুটি চুরি করে নিয়ে যাচ্ছে। ফুটেজে আরও দেখা যায়, চোর চক্রের ওই ৩ যুবকের পরনে শুধু প্যান্ট ছিল এবং তাদের গায়ে কোনো কাপড় ছিল না। তবে চোরদের মুখ ও অবয়ব ফুটেজে স্পষ্ট দেখা না যাওয়াই স্থানীয়রা কাউকেই চিনতে পারেননি।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে গরু দুটিকে যার যার গোয়ালঘরে বেঁধে রেখে মালিকেরা ঘুমাতে যান। গভীর রাতে চোর চক্র গোয়ালঘরের ভেতরে প্রবেশ করে। এরপর সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ৩ অজ্ঞাতনামা খালি গা পরিহিত যুবক মো: মফিজের গোয়ালঘর থেকে একটি উন্নত জাতের দুধের গাভী এবং মো: তৈয়বের গোয়ালঘর থেকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য ক্রয় করা একটি ষাঁড় গরু নিয়ে চম্পট দেয়।

ঘটনার দিন সকালে মালিকেরা গোয়ালঘরে গিয়ে দেখেন গরু দুটি নেই। আশপাশে ও বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরু দুটির কোনো সন্ধান মেলেনি। চুরি হওয়া এই গরু দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ২লক্ষ টাকা।

ক্ষতিগ্রস্ত মো: তৈয়বের ভাগিনা আকতার জানান, সিসিটিভি ফুটেজে চোরদের চেনা না গেলেও তাদের চুরির দৃশ্য স্পষ্ট দেখা গেছে। গরু দুটি হারিয়ে তারা এখন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এদিকে, ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরাকে তোয়াক্কা না করে এভাবে খালি গায়ে এসে অভিনব কায়দায় গরু চুরির ঘটনায় স্থানীয় খামারি ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে এখনো জানেন না বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান।

Explore More Districts