‘আতাউর রহমান শেষ সময়ে ভালো ছিলেন না, ভয়ে থাকতেন, ডিপ্রেশনে থাকতেন। তিনি মনে করতেন, এই বুঝি কেউ ধরবে, মারবে। এই বুঝি আমি মরে গেলাম। নানা চিন্তায় ডিপ্রেশন চরম পর্যায়ে চলে গিয়েছিল।’—গত শনিবার প্রয়াত অভিনেতা ও নির্দেশক আতাউর রহমানের স্মরণসভায় এ কথা বলেন আবুল হায়াত।
এই সময় মনঃক্ষুণ্ন হয়ে আবুল হায়াত আরও বলেন, ‘এখানেই আমার সবচেয়ে বড় আপত্তি। শিল্পকর্ম আমাদের পাপ, এটা কি অন্যায়, শিল্পচর্চা করে কি আমরা অপরাধী? ভয় ও শঙ্কার মধ্যে থাকতে হবে, এই বুঝি আমায় ধরল, মারল।’
১২ মে মারা যাওয়া এই নাট্যব্যক্তিত্বকে স্মরণ করতে শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে জড়ো হন তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও প্রিয়জনেরা। প্রায় দুই ঘণ্টার স্মরণসভায় উঠে আসে তাঁর দীর্ঘ নাট্যজীবনের নানা অধ্যায়, সাংগঠনিক নেতৃত্ব, শিল্পভাবনা ও ব্যক্তিজীবনের অজানা স্মৃতি।

