বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে নিহত ৩ – দৈনিক আজাদী

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে নিহত ৩ – দৈনিক আজাদী





বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার সীমান্তের জিরোপয়েন্টের ৪১নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত ঞোমং তংচঙ্গ্যা ছেলে অক্যমং তংচঙ্গ্য (৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্য (৩৪) ও সুনি অং তংচঙ্গ্যা ছেলে শৈফুচিং তংচঙ্গ্য (৩২)। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ড এর ৪১নং পিলার সংলগ্ন এলাকায় কলা বাগানে কাজ করতে যায় স্থানীয় ৩ জন। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুতে রাখা স্থল মাইন হঠাৎ বিষ্ফোরণ হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তি নিহত হয়।

পরে তাকে উদ্ধার করতে গেলে সাথে থাকা অপর দুজনও মাইন বিষ্ফোরণে নিহত হয়। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশসহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মাইন বিষ্ফোরণে ৩ জন নিহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Explore More Districts