সাইদ হাসান, মেহেরপুর /
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে এক শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলার বিচার কার্যক্রম মাত্র ২৯ কার্যদিবসের মধ্যেই সম্পন্ন হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু সহিংসতা দমন আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের জন্য খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে শিশুটিকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়।
ঘটনার পর শিশুটির বাবা গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৯, তারিখ ১৬ জুন ২০২৫।
মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত শাকিল হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এদিকে অসুস্থ হয়ে পড়া শিশুটিকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এর মধ্যে কয়েকজন ভার্চুয়াল ভিডিও কলে এবং বাকিরা সরাসরি আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ ও মামলার সার্বিক তথ্য পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।



