চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে অভিযান চালিয়ে একটি গাঁজাগাছসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) রাতে উপজেলার দেইচর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এস.আই মো: রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে দেইচর গ্রামে অভিযান চালান। এ সময় বাড়ির আঙিনা থেকে প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা চাষের অভিযোগে মো. নজরুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের নয়ন বাড়ির মৃত শাহাদাত হোসেনের ছেলে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, উদ্ধারকৃত গাঁজাগাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
=> শিমুল হাছান, ২৪ মে ২০২৬

