ঈদ স্পেশালসহ ৪৫টি বাসে যাত্রী পরিবহনের প্রস্তুতি বিআরটিসির – দৈনিক আজাদী

ঈদ স্পেশালসহ ৪৫টি বাসে যাত্রী পরিবহনের প্রস্তুতি বিআরটিসির – দৈনিক আজাদী

ঈদুল আজহায় চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় বিআরটিসি তাদের নিয়মিত বাসের পাশাপাশি ঈদ স্পেশালসহ ৪৫টি বাসে নির্বিঘ্নে যাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চট্টগ্রাম ডিপো সূত্রে জানা গেছে, ঈদের এক সপ্তাহ আগে থেকে দেশের দূরবর্তী জেলাগুলোতে ঈদের যাত্রী পরিবহন শুরু করবে বিআরটিসি। যা ঈদের আগের দিন পর্যন্ত চলবে। এ লক্ষ্যে বিআরটিসি চট্টগ্রাম ডিপোতে বাসগুলোর মেরামতের কাজ শেষ করে ঈদযাত্রার জন্য প্রস্তত করা হয়েছে।

বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) কামরুজ্জামান আজাদীকে জানান, ঈদে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় ঘরমুখো যাত্রীদের নিরাপদে পৌঁছে দেয়ার জন্য বিআরটিসি চট্টগ্রামের নিয়মিত বাসের পাশাপাশি ২৫ টি ঈদ স্পেশাল চলবে। চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলায় নিয়মিত যেসব বাস চলাচল করে যেগুলোর পাশাপাশি যখন যে রুটে যাত্রীর চাপ বেড়ে যাবে তখন সেই রুটে আমরা স্পেশাল বাসগুলো চালাব।

বিআরটিসির চট্টগ্রাম বাস ডিপোর ম্যানেজার জানান, ঈদে চট্টগ্রাম থেকে সিলেট, রংপুর, রবিশাল, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিআরটিসি বাসে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পরিবহন করা হবে।

এদিকে ঈদে আন্ত:জেলার পাশাপাশি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, রাঙামাটি এবং চট্টগ্রামে বিশেষ করে আনোয়ারা, পটিয়া, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলায়ও নিয়মিত বাসগুলো চলবে।

বিআরটিসি চট্টগ্রাম ডিপো সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রতিদিন ৬৭টি যাত্রীবাহী বাস বিভিন্ন জেলা ও উপজেলাগুলোতে চলাচল করছে। চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জেলা ও উপজেলাগুলোতে বিআরটিসির এসি বাসের সীমাহীন চাহিদা রয়েছে বলে জানান বিআরটিসি চট্টগ্রামের ডিপো ম্যানেজার।

চট্টগ্রাম মহানগরীর মধ্যে বিআরটিসিবির ৩২টি বাস চলে। এরমধ্যে দ্বিতল বাসের সংখ্যা ১২টি। মহানগরীর ৩২টি বাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে ৬টি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২টি, স্মার্ট স্কুল বাস ১২টি, ছাদ খোলা বাস ২টি। ঈদের সময় বিশ্ববিদ্যালয় এবং নগরীর বাসগুলো বন্ধ থাকবে। এই বাসগুলো ঈদস্পেশাল হিসেবে চলবে দেশের বিভিন্ন রুটে। নগরীর বাইরে চট্টগ্রাম থেকে নতুন ব্রিজ হয়ে পটিয়া রুটে চলে ১০টি বাস, আনোয়ারা রুটে চলে ৪টি বাস। চট্টগ্রাম থেকে জেলা পর্যায়ে চলে ঢাকা রুটে ২টি, চট্টগ্রামকুমিল্লা কোম্পানী রুটে চলে ১টি, চট্টগ্রামরাঙামাটি রুটে চলে ৪টি বাস, চট্টগ্রামখাগড়াছড়ি রুটে চলে ৪টি বাস। চট্টগ্রাম থেকে সিলেট রুটে চলে ২টি, চট্টগ্রাম থেকে সিলেট হয়ে সুনামগঞ্জ রুটে চলে ২টি বাস।

Explore More Districts