আজ টঙ্গীতে আসছেন প্রধানমন্ত্রী – Daily Gazipur Online

আজ টঙ্গীতে আসছেন প্রধানমন্ত্রী – Daily Gazipur Online

আজ বুধবার (২০ মে) গাজীপুরের টঙ্গীতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি টঙ্গীর সাতাইশ ধরপাড়ায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা খাতে আধুনিক গবেষণা, প্রশিক্ষণ এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যেই এই ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণের পথও সুগম হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি এবং সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদ হাবিব দুলু এমপি।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পরে দুপুর ২টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। এসময় তিনি আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এছাড়া প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে একটি উপস্থাপনাও পরিদর্শন করবেন তিনি।
এরপর দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন আয়োজক প্রতিনিধিরা। পরে বিশেষ অতিথি, সভাপতির বক্তব্য এবং প্রধানমন্ত্রীর বক্তব্য অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যে সরকারি জমিতে ইনস্টিটিউটটি নির্মাণ করা হচ্ছে সেটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। পাকিস্তান আমলে শরণার্থী পুনর্বাসনের উদ্দেশ্যে ষাটের দশকে টঙ্গীর সাতাইশ, গুশুলিয়া ও গাছা মৌজায় বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে এসব জমির বড় অংশ বিভিন্নভাবে বেদখলে চলে যায় এবং জমিগুলোর প্রকৃত ইতিহাসও অনেকটা আড়ালে পড়ে যায়।
পরে তৎকালীন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে নানা প্রতিকূলতা মোকাবিলা করে সাতাইশ মৌজার গুরুত্বপূর্ণ এই জমিটি দখলমুক্ত করা সম্ভব হয়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গুশুলিয়া ও গাছা মৌজার আরও কিছু সরকারি জমি এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts