শহিদ জয়, যশোর: যশোরের চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রাম নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার মাড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঝন্টু (৩২) শফিয়ার রহমানের ছেলে এবং আহত আশানুর রহমান (৩৫) মশিয়ার রহমানের ছেলে। তারা উভয়েই চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়,একই উপজেলার দক্ষিণ সাগর গ্রামের আবু উবাইদা (৩৫) ও তার সাথে থাকা অজ্ঞাতনামা ২/৩ জনের সাথে ঝন্টুর কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা ঝন্টুর বুকের বাম পাশে দুইটি এবং আশানুর রহমানের বুকের মাঝে একটি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন জ্যোতি ঝন্টুকে মৃত ঘোষণা করেন। আহত আশানুর রহমানের অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে,গত ১৯ মে উপজেলার সিট চারাবাড়ি গ্রামের তামিমা আক্তার জুঁই (১৪) নামে এক কিশোরী অজ্ঞাত এক ব্যক্তির সাথে বাড়ি থেকে চলে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধ ও পরবর্তীতে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


