নতুন জেমস বন্ডের সন্ধানে শুরু হলো অডিশন: দৌড়ে এগিয়ে আছেন চার তারকা – DesheBideshe

নতুন জেমস বন্ডের সন্ধানে শুরু হলো অডিশন: দৌড়ে এগিয়ে আছেন চার তারকা – DesheBideshe



নতুন জেমস বন্ডের সন্ধানে শুরু হলো অডিশন: দৌড়ে এগিয়ে আছেন চার তারকা – DesheBideshe

লন্ডন, ১৬ মে – ব্রিটিশ সিক্রেট সার্ভিসের কিংবদন্তি চরিত্র জেমস বন্ডের উত্তরসূরী কে হচ্ছেন, তা নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ফ্রাঞ্চাইজির ২৬তম চলচ্চিত্রের জন্য নতুন বন্ড নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অডিশন প্রক্রিয়া শুরু করেছে প্রযোজনা সংস্থা অ্যামাজন এমজিএম স্টুডিও। কেবল জিরো জিরো সেভেন চরিত্রটিই নয়, এর পাশাপাশি সহশিল্পী খোঁজার কাজও শুরু হয়েছে বলে স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রযোজনা সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে যে পরবর্তী জেমস বন্ডের সন্ধান এবং অভিনয়শিল্পী বাছাই প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। অডিশন চলাকালীন গোপনীয়তা বজায় রাখতে সিনেমা সংক্রান্ত বাড়তি কোনো তথ্য এই মুহূর্তে প্রকাশ করা হবে না। সঠিক সময়েই নতুন বন্ডের নাম ভক্তদের জানানো হবে। বর্তমানে এই দৌড়ে এগিয়ে রয়েছেন ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, অ্যারন টেলর জনসন, হ্যারিস ডিকিনসন এবং অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডি।

১৯৬২ সালে শন কনেরি অভিনীত ‘ড. নো’ চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় জেমস বন্ডের যাত্রা শুরু হয়েছিল। এরপর রজার মুর, পিয়ার্স ব্রসনানসহ আরও অনেক তারকা এই চরিত্রে অভিনয় করেছেন। সবশেষ ড্যানিয়েল ক্রেইগ টানা ১৫ বছর অত্যন্ত সফলভাবে পাঁচটি সিনেমায় বন্ড চরিত্রে অভিনয় করেন। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ মুক্তির মাধ্যমে তার বন্ড অধ্যায়ের সমাপ্তি ঘটে।

নতুন বন্ড নির্বাচনের ক্ষেত্রে নির্মাতারা বয়সের দিকে বিশেষ নজর দিচ্ছেন। নতুন অভিনেতাকে অবশ্যই ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে হবে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১০ ইঞ্চি হওয়া আবশ্যক। এছাড়া তাকে আগামী অন্তত এক থেকে দেড় দশক এই চরিত্রের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার মানসিকতা রাখতে হবে। অভিনয় দক্ষতা এবং সব শর্ত পূরণ হলেই কেবল চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।

দীর্ঘ ছয় দশক ধরে বন্ড সিরিজের সৃজনশীল নিয়ন্ত্রণ ইয়ন ফিল্মসের হাতে থাকলেও সম্প্রতি অ্যামাজন এমজিএম স্টুডিওর সঙ্গে নতুন চুক্তি হয়েছে। এর ফলে এখন থেকে শিল্পী নির্বাচন ও পরিচালনার যাবতীয় সিদ্ধান্ত নেবে অ্যামাজন। ইতিমধ্যে নতুন জেমস বন্ড সিনেমাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রখ্যাত কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেনিউভকে। তিনি সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন। তবে সিরিজের নতুন এই কিস্তির নাম এখনো চূড়ান্ত করা হয়নি।

এস এম/ ১৬ মে ২০২৬



Explore More Districts