যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগ, সংকটে স্টারমার সরকার – DesheBideshe

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগ, সংকটে স্টারমার সরকার – DesheBideshe



যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগ, সংকটে স্টারমার সরকার – DesheBideshe

লন্ডন, ১৪ মে – যুক্তরাজ্যের লেবার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। তার এই আকস্মিক পদত্যাগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার এক নতুন সংকটের মুখে পড়েছে। ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে স্টারমারের নেতৃত্ব বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হলো।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়ের পর থেকেই প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে স্ট্রিটিং জানান, দলীয় নেতৃত্বের ওপর তার আর কোনো আস্থা নেই।

স্ট্রিটিং তার বিবৃতিতে উল্লেখ করেন যে, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে দলের শোচনীয় পরাজয়ের প্রধান কারণ লেবার পার্টির ক্রমহ্রাসমান জনপ্রিয়তা। তিনি সরাসরি স্টারমারকে উদ্দেশ্য করে বলেন, এটি এখন স্পষ্ট যে আপনি আগামী সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দিতে পারবেন না।

লেবার এমপি ও শ্রমিক ইউনিয়নগুলো এখন ব্যক্তিকেন্দ্রিক বিরোধ নয়, বরং ভবিষ্যৎ লক্ষ্য ও আদর্শের লড়াই দেখতে চায়। সদ্য পদত্যাগ করা এই স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নেতৃত্বের প্রশ্নে একটি শক্তিশালী প্রার্থী তালিকা থাকা প্রয়োজন এবং তিনি সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করেন। যদিও স্ট্রিটিং নিজে সরাসরি নেতৃত্ব চ্যালেঞ্জের ঘোষণা দেননি, তবে তার এই পদত্যাগ স্টারমারের ওপর রাজনৈতিক চাপ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

এস এম/ ১৪ মে ২০২৬



Explore More Districts