বাঁশখালীতে লিচুর বাজার বসিয়ে সড়ক দখল, তীব্র যানযট উপজেলা প্রশাসনের অভিযান – দৈনিক আজাদী

বাঁশখালীতে লিচুর বাজার বসিয়ে সড়ক দখল, তীব্র যানযট উপজেলা প্রশাসনের অভিযান – দৈনিক আজাদী





চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় লিচুর মৌসুমকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা যায়, লিচুর মৌসুম শুরু হওয়ার পর থেকে খুচরা ও পাইকারি লিচু বিক্রেতারা সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় এলাকাজুড়ে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। বিশেষ করে কালীপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ৩টা থেকে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন।

অভিযান চলাকালে রাস্তা ও রাস্তার পাশের জনগণের চলাচলের ফুটপাত এলাকা থেকে সকল লিচু বিক্রেতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। এতে তাৎক্ষণিকভাবে যানজট নিরসন হয়ে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসে এবং স্বাভাবিক হয় যান চলাচল।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, এ অভিযানে কাউকে দণ্ড প্রদান করা হয়নি। তবে সকল বিক্রেতাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে নির্ধারিত সীমা অতিক্রম করে পুনরায় সড়ক বা ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Explore More Districts