কেবল ২০২৪ সালেই ‘অ্যাগ্রিকোস্ট’ সরাসরি ১ কোটি ৫ লাখ ইউরো ভর্তুকি পেয়েছে। এই অঙ্ক ইউরোপের একটি সাধারণ খামারের পাওয়া অর্থের চেয়ে ১ হাজার ৬০০ গুণেরও বেশি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নির্যাতনের নানা অভিযোগ থাকা সত্ত্বেও তারা নিয়মিত ইইউর কৃষি ভর্তুকি পাচ্ছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন অধিকারকর্মীরা। তবে নির্যাতনের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আমিরাত।
অধিকার রক্ষাবিষয়ক সংগঠন ‘ইউরোপীয় এনভায়রনমেন্ট ব্যুরো’–এর পরিচালক ফস্টিন বাস-ডিফোসেজ বলেন, ‘ভর্তুকির এই নীতি (ক্যাপ) ইউরোপের কৃষকদের কোনো উপকারে আসছে না। এটি শুধু ধনী ভূস্বামীদের সম্পদ বাড়াচ্ছে। এর চেয়েও খারাপ বিষয় হলো, এই অর্থ এখন স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থাকে মদদ দিচ্ছে।’
বিগত ১৫ বছরে আমিরাতের রাজবংশ বিশ্বজুড়ে কৃষি খাতে নিজেদের বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপজুড়ে তারা বিপুল জমি ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠান কিনে নিয়েছে।

