আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু সীমান্ত বা সম্পদের লড়াই নয়। এর গভীরে আছে মানুষের ভেতরের লোভ, ক্রোধ ও অন্ধ–আসক্তি। মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ কিংবা ফিলিস্তিন, বিশ্বের নানা প্রান্তে রক্তপাত যেন এক নিয়মিত দৃশ্য। রাষ্ট্রের নিরাপত্তা, ধর্ম কিংবা জাতীয় স্বার্থের নামে মানুষ মানুষকেই ধ্বংস করছে। এই বাস্তবতায় প্রশ্ন জাগে—আমরা কি সত্যিই এগোচ্ছি, নাকি অন্য এক ধরনের অন্ধকারে ঢুকে পড়ছি?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় আড়াই হাজার বছর আগে, গৌতম বুদ্ধের কাছে। তিনি মানুষের মনের ভেতরের অস্থিরতাকে বুঝেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের দুঃখের মূল কারণ লোভ, দ্বেষ ও মোহ—এগুলো দূর করতে পারলেই সত্যিকারের মুক্তি সম্ভব।
বুদ্ধের শিক্ষা খুব সহজ, কিন্তু গভীর। তিনি অহিংসাকে শুধু একটি আদর্শ হিসেবে নয়; বরং দৈনন্দিন জীবনের অংশ হিসেবে দেখেছেন। তাঁর ‘মধ্যমার্গ’ আমাদের শেখায়, অতিরিক্ত ভোগ বা চরম ত্যাগ—দুটোর কোনোটাই সঠিক পথ নয়। ভারসাম্যপূর্ণ জীবনই শান্তির ভিত্তি। আর এই শান্তি কেবল ব্যক্তিগত নয়, সামাজিকও।

