জিয়ানগরে দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

জিয়ানগরে দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

২৯ April ২০২৬ Wednesday ১১:৩১:০৪ AM

Print this E-mail this


 জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
জিয়ানগরে দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

পিরোজপুরের জিয়ানগরে বিশেষ অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ৩০ দিনের এবং অপরজনকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী চৌরাস্তা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তাররা হলেন—পাবনা সদর উপজেলার চক পৈলানপুর গ্রামের শমসের আলীর ছেলে এম এ আকবর (৩৭) এবং জিয়ানগর উপজেলার ইন্দুরকানী গ্রামের ভুবন চন্দ্র শীলের ছেলে রতন কুমার শীল (৪০)।

স্থানীয় সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসক পরিচয়ে একটি ভাড়া করা চেম্বারে রোগীদের ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় এবং অনুমোদনহীন ওষুধ প্রদান করতেন।

অভিযানকালে প্রমাণ পাওয়া যায়, তারা টিউমার, ক্যান্সার, বন্ধ্যাত্ব, হৃদরোগসহ নানা জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন। এমনকি ‘ঢাকা হোমিও ক্লিনিক’ নাম ব্যবহার করে ‘কোয়ান্টাম রেজোন্যান্স ম্যাগনেটিক অ্যানালাইজার’ ডিভাইসের মাধ্যমে ভুয়া পরীক্ষা রিপোর্ট দেখিয়ে রোগীদের বিভ্রান্ত করতেন।

এছাড়া রতন কুমার শীল গ্রামের সাধারণ মানুষকে গ্রিন কার্ড সুবিধার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। তারা প্রকৃতপক্ষে কোনো স্বীকৃত চিকিৎসক নন এবং ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

আদালতে দোষ স্বীকার করায় এম এ আকবরকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং রতন কুমার শীলকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, থানার পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts