সদরঘাট এসআরবি স্টেশনে আগুনে পুড়ল ট্রেনের পরিত্যক্ত ৩ বগি – দৈনিক আজাদী

সদরঘাট এসআরবি স্টেশনে আগুনে পুড়ল ট্রেনের পরিত্যক্ত ৩ বগি – দৈনিক আজাদী

দিনভর ভারী বৃষ্টি আর দমকা হওয়ার মাঝেই সদরঘাট বাংলাবাজার এসআরবি স্টেশন এলাকায় রেলের পরিত্যক্ত ৩টি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ট্রেনে বগি গুলোর সিটে রেক্সিন মোড়ানো ফোম এবং কাঠ থাকায় বৃষ্টির মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় এই আগুন লাগে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় দোকানদার সাইফুল ইসলাম ও নিরাপত্তা প্রহরী আবদুর রহিম জানান, সদরঘাট বাংলাবাজার এলাকায় রেলওয়ের এসআরবি স্টেশনে অনেক ট্রেনে বগি বছরের পর বছর পরে আছে। এই ট্রেনের বগিগুলোতে দিনেরাতে স্থানীয় মাদকসেবীরা মাদকের আড্ডা বসায়। ওখান থেকেই আগুন লাগতে পারে।

তারা জানান, প্রথমে বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দূর থেকে দেখা যায়।

ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর দায়িত্বে থাকা বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোনায়েম বিল্লাহ আজাদীকে বলেন, বিড়িসিগারের আগুন থেকে ট্রেনের খালি বগি গুলোর ভেতরে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫টা ২৫ মিনিটে আমরা আগুর নিয়ন্ত্রণে নিয়ে আসি। বগিগুলোর ভেতরে তেমন কোনো আসবাব বা মালামাল ছিল না। আগুনে তিনটি বগির কিছু অংশ পুড়ে গেছে। আগুনে প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে ১০ লাখ টাকার বগি।

এসআরবি স্টেশনের দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার পঙ্কজ রায় বলেন, আমাদের এতো বিশাল এলাকায় সীমানাপ্রাচীর না থাকায় বহিরাগতরা প্রবেশ করে মাদক বিক্রি, মাদক সেবন করে। তাদের বাঁধা দিতে গিয়ে বিভিন্ন সময় আরএনবি সদস্যরাও শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে। ১ দশমিক ৯৫ কিলোমিটার এলাকা জুড়ে এসআরবি স্টেশন এলাকায় শুধু মাত্র একজন সিপাহী দায়িত্বরত ছিলেন।

আজকেও কয়েকজন বহিরাগত প্রবেশ করে মাদক সেবনের জন্য। তাদের দেখে আরএনবি সিপাহি চলে যেতে বললে তারা চলে যায়। তবে পরবর্তীতে তারা আবার এসে পরিত্যক্ত কোচের সিটের ফোমে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আরএনবির এই সদস্য জানান, এর আগেও এখানে চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে রেলওয়ে থানা মামলা নেয় না। তারা অভিযোগ নিয়েই দায় সাড়ে। তারা এসব ঘটনাকে তুচ্ছ মনে করে আর আসামির নাম দিতে না পারায় মামলা নেয় না।

Explore More Districts