সিলেট নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দিনভর উত্তেজনা বিরাজ করে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় টার্মিনাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং একাধিক বাস কাউন্টার ও যানবাহন ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের পর থেকেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উভয় পক্ষকে নিয়ে বাস টার্মিনাল কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন।
বৈঠকে তিনি বলেন, “আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে আমরা সবাই গুরুত্বপূর্ণ সময় পার করছি। এমন পরিস্থিতিতে এ ধরনের সংঘর্ষ অনভিপ্রেত।” তিনি ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং সফরের পর স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
প্রশাসকের উদ্যোগে বৈঠকে উপস্থিত মালিক ও শ্রমিক নেতারা পরিস্থিতি শান্ত রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে সম্মত হন।
বৈঠকে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানান।
প্রশাসনের দ্রুত পদক্ষেপে বড় ধরনের অস্থিতিশীলতা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়াতে মালিক-শ্রমিকদের মধ্যে সমন্বয় এবং স্থায়ী সমাধান জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

