হবিগঞ্জের ধুলিয়াখাল বাইপাস এলাকার পাশে অবস্থিত একটি ব্যাটারি তৈরির কারখানা থেকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ধোঁয়া ও ক্ষতিকর বর্জ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এতে আশপাশের তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে আশপাশের পরিবেশ দূষিত করছে। পাশাপাশি কারখানার বর্জ্য যথাযথভাবে অপসারণ না করায় জমি, পানি ও পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এতে শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষের মধ্যে শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালাপোড়া এবং নানা শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, দিনের পাশাপাশি রাতেও কারখানাটি থেকে ধোঁয়া বের হয়। অনেক সময় দুর্গন্ধে ঘরের বাইরে থাকা কঠিন হয়ে পড়ে। কৃষিজমি ও গাছপালার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেন তারা।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তারা জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের নজরে এলে সমস্যার দ্রুত সমাধান হবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait…

