চরমোনাইতে ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

চরমোনাইতে ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

২২ April ২০২৬ Wednesday ৯:২০:৩৬ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

চরমোনাইতে ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

বরিশালে এসএসসি পরীক্ষার হলে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শালুকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মারুফ সিকদার। তিনি ২০২৬ সালের নিয়মিত একজন এসএসসি পরীক্ষার্থী। চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে তাদের কেন্দ্র নির্ধারন করা হয়। মঙ্গলবার সকালে শুরু হওয়া এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের লিখিত পরীক্ষায় তাকে ২০২৬ সালের প্রশ্ন দিলেও বহুনির্বাচনী পরীক্ষার প্রশ্নটি ছিল ২০২৫ সালের। এদিকে নির্ধারিত ৩০ মিনিট সময়ের ১০ মিনিট অতিবাহিত হওয়ার পর মারুফকে প্রশ্নটি দেওয়া হয়। সময় কম থাকায় পরীক্ষা চলাকালিন মারুফ বিষয়টি লক্ষ্য করতে পারেনি। পরীক্ষা শেষে অন্য পরীক্ষার্থীদের সাথে প্রশ্ন মেলাতে গিয়ে মারুফ দেখেন প্রশ্নটি ২০২৫ সালের। এরপর মারুফ বিষয়টি নিজের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা খানমকে জানালে তিনি কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে অবহিত করেন। বিষয়টি জানার পর মারুফকে নিয়ে শিক্ষা বোর্ডে যাওয়ার আশ্বাস দিলেও সেখানে যাননি কেন্দ্র সচিব জাহাঙ্গীর হোসেন। পরে অভিভাবকদের নিয়ে মারুফ শিক্ষা বোর্ডে গেলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ লিখিত অভিযোগ রেখে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

তবে কেন্দ্র সচিবের দায়িত্বহীনতা ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের আশ্বাসে সন্তুষ্ট হতে পারেনি মারুফ ও তার অভিভাবকেরা।

মারুফ বলেন- আমি ২০২৬ সালের নিয়মিত একজন এসএসসি পরীক্ষার্থী। বাংলা প্রথমপত্রে লিখিত পরীক্ষায় ২০২৬ সালের প্রশ্ন দিলেও বহুনির্বাচনী পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়। সময় কম থাকায় পরীক্ষা চলাকালিন সময় বিষয়টি লক্ষ্য করতে পারিনি। পরীক্ষা শেষে অন্য পরীক্ষার্থীদের সাথে প্রশ্ন মেলাতে গিয়ে দেখি প্রশ্নটি ২০২৫ সালের। এরপর বিষয়টি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা খানমকে জানালে তিনি কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে জানান। বিষয়টি জানার পর আমাকে নিয়ে শিক্ষা বোর্ডে যাওয়ার আশ্বাস দিলেও সেখানে যাননি। পরে আমার অভিভাবকরা শিক্ষা বোর্ডে গেলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ লিখিত অভিযোগ রেখে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

মারুফের চাচা শাহ আলম বলেন- ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি রহস্যজনক। এটি একদিকে কেন্দ্র সচিবের দায়িত্বহীনতা, অপরদিকে প্রশ্ন ফাঁস করতেও এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা তার।

শালুকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা খানম বলেন- বিষয়টি আমাকে জানালে সাথেসাথে কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে জানাই। পরে আমি শিক্ষা বোর্ডের কন্ট্রোলারের সাথে বিষয়টি আলাপ করে লিখিত অভিযোগ দিয়েছি।

কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এতে সমস্যার কিছু নেই, আমি শিক্ষা বোর্ডে কথা বলেছি বিষয়টি তারা সমাধান করবেন বলে জানিয়েছেন। তবে যে শিক্ষিক হলের দায়িত্ব পালন করেছেন বিষয়টিতে তারও গাফিলতি রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts