প্রীতম হাসান, ‘চাঁদ মামা’, ‘বরবাদ’
আমি অনেক খুশি মনোনয়ন পেয়ে। মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পাওয়া অনেক সম্মানের বিষয় আমার জন্য। ‘চাঁদ মামা’ গানটি দিয়ে আমি আসলে নতুন কিছু করতে চেষ্টা করেছি। দর্শক বিশেষ করে শাকিব (খান) ভাইয়ের দর্শক, শাকিব ভাই অনেক সাপোর্ট দিয়েছেন। আমি কৃতজ্ঞ। আশা করি যে যোগ্য, তার হাতে পুরস্কারটি যাবে।
হাবিব ওয়াহিদ, ‘মহা জাদু’
অনুভূতি অনেক ভালো। গান তো শ্রোতাদের জন্য করি, তাঁরা যখন তা ভালোবাসেন, তা যেকোনো সংগীতশিল্পীর জন্য তৃপ্তির। আর এ গান যখন আবার সমালোচকদের কাছেও স্বীকৃতি পায়, তখন সেটা আরও আনন্দের। যাঁরা এ গানটিকে মনোনয়ন তালিকায় রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। আরও যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের জন্য শুভকামনা।
সেরা নবাগত অভিনয়শিল্পী
আরিয়ান সারোয়ার, ‘চক্কর ৩০২’
ক্যারিয়ারের প্রথম সিনেমা হিসেবে দর্শকদের ভালোবাসা আমি বেশ উপভোগ করছি। চক্কর ৩০২–এর শুটিংয়ের সময় আমার এইচএসসি পরীক্ষা চলছিল! একদিকে ক্যারিয়ারের প্রথম সিনেমা, অন্যদিকে একাডেমিক জীবনের বড় একটা পরীক্ষা…দুইটা জিনিস পাশাপাশি মেইনটেইন করা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এখন মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫–এ সেরা নবাগত অভিনয়শিল্পীদের তালিকায় নিজেকে শীর্ষ চারে দেখে মনে হচ্ছে, সেই ঝুঁকি নেওয়াটা সার্থক হয়েছে। যেকোনো অ্যাওয়ার্ড একটি মাইলফলক। এটা পাওয়া, না–পাওয়ার চেয়ে বড় বিষয় হলো দর্শকদের যেই ভালোবাসা পেয়েছি, সেটাও কোনো অ্যাওয়ার্ডের চেয়ে কম নয়। তবে শেষ ধাপেও অবশ্যই সবার ভালোবাসা প্রত্যাশা করছি!
নৈঋতা হাসিন, ‘জংলি’
আমার প্রথম সিনেমাটি সবার কাছ থেকে এত সমর্থন ও ভালোবাসা পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। সেরা নবাগত শিল্পী হিসেবে আমাকে মনোনীত করার জন্য আমি মেরিল-প্রথম আলোর কাছেও কৃতজ্ঞ। একজন শিল্পী হিসেবে আমি আর কত কাজ করব, তা আমি নিশ্চিত নই, কিন্তু জংলি আমার হৃদয়ে সর্বদা একটি বিশেষ স্থান দখল করে থাকবে। আমাকে কাস্ট করার জন্য এবং ‘পাখি’ হওয়ার সুযোগ দেওয়ার জন্য পরিচালক (এম) রাহিম আঙ্কেলের কাছে সত্যিই কৃতজ্ঞ। যাঁরা আমার সিনেমাটি দেখেছেন, আমাকে ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা।
শাম্মি ইসলাম নীলা, ‘ফার্স্ট লাভ’
গত বছর আমার হাজব্যান্ড এই অনুষ্ঠানে দেখছিল সবাই স্টেজে উঠছেন, অ্যাওয়ার্ড নিচ্ছেন। তখন সে চুপচাপ বলেছিল, ‘একদিন তোমাকে এখানেই দেখতে চাই…এই অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে।’ সেদিন আমি একদমই জানতাম না আমি নাটক করব আর সেই নাটকের জন্য নবাগত হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পাব। আজ টপ ফোরে দাঁড়িয়ে মনে হচ্ছে, সেই ছোট্ট ইচ্ছাটা ধীরে ধীরে সত্যি হতে শুরু করেছে। এ জার্নিটা শুধু আমার নয়। এটা তাঁদেরও, যাঁরা আমাকে ভালোবেসে, আমার ওপর বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে এ পর্যন্ত এনেছেন। আমি চাই এই ভালোবাসার প্রতিদান আরও ভালো কাজ দিয়ে দিতে।
সাদনিমা বিনতে নোমান, ‘লিটল মিস ক্যাওস’
অনুভূতিটা সত্যিই অসাধারণ। কখনো ভাবিনি দর্শকদের কাছ থেকে এত সুন্দরভাবে গ্রহণযোগ্যতা পাব। তাঁদের ভালোবাসা পেয়েছি আর সেই ভালোবাসার ফল হিসেবেই মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫–এ সেরা নবাগত অভিনয়শিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছি। এই অনুভূতি আমার জন্য ভীষণ মূল্যবান। সত্যি বলতে জীবনে যতটা চেয়েছিলাম, তার চেয়েও বেশি পেয়েছি। এ জন্য দর্শকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
[মনোনীতদের নাম বর্ণানুক্রমে সাজানো]
