বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক খু ন, এলাকায় চরম উত্তেজনা – Habiganj News

বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক খু ন, এলাকায় চরম উত্তেজনা – Habiganj News

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের কুর্শী খাগাউড়া এলাকার খালপার ব্র্যাক স্কুল মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় একই গ্রামের লিন্ডন মিয়ার পুত্র ইব্রাহীম মিয়া (২০) এবং আব্দুল মুত্তালিব মিয়ার দুই পুত্র শান্ত (২০) ও সৌরভ (১৯)-এর মধ্যে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এতে শান্ত ও সৌরভ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহীম মিয়াকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শান্ত ও সৌরভের পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ অবস্থান করছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait…

Explore More Districts