শিক্ষা ও শিশু কল্যাণে সহযোগিতা বাড়াতে তিন দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত – DesheBideshe

শিক্ষা ও শিশু কল্যাণে সহযোগিতা বাড়াতে তিন দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত – DesheBideshe



শিক্ষা ও শিশু কল্যাণে সহযোগিতা বাড়াতে তিন দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত – DesheBideshe

ঢাকা, ১৭ এপ্রিল – শিক্ষা ও শিশুদের কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিন দিনের সফরে আগামীকাল শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে হার্ডার বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বিশেষ দূতের কার্যালয়ের প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। মার্কিন বিশেষ দূতের এই সফরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বা ওয়াশ সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া শিশুশ্রম ও পাচার প্রতিরোধ এবং শিশুদের অপরাধ চক্র ও সশস্ত্র সংঘাতে সম্পৃক্ত হওয়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার শিশু ও তাদের পরিবারকে প্রভাবিত করে এমন চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধান খুঁজে পেতে কাজ করেন। এই লক্ষ্যে তিনি নিয়মিত বিভিন্ন ফাউন্ডেশন, কর্পোরেশন, অলাভজনক ও ধর্মীয় সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬



Explore More Districts