হরমুজ প্রণালিতে ট্রাম্পের অবরোধের ঘোষণার পর ইরানের কড়া হুঁশিয়ারি – DesheBideshe

হরমুজ প্রণালিতে ট্রাম্পের অবরোধের ঘোষণার পর ইরানের কড়া হুঁশিয়ারি – DesheBideshe



হরমুজ প্রণালিতে ট্রাম্পের অবরোধের ঘোষণার পর ইরানের কড়া হুঁশিয়ারি – DesheBideshe

তেহরান, ১২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরুদ্ধ করার ঘোষণা দেওয়ার পর কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা জানিয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইরানের হাতে রয়েছে। শত্রুরা যদি এখানে কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে তারা কঠিন মরণফাঁদে আটকা পড়বে।

রোববার এক্সে দেওয়া এক বার্তায় বিপ্লবী গার্ড এই সতর্কবার্তা প্রদান করে। ওই বার্তায় বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শত্রুরা কোনো প্রকার ভুল করলে এই প্রণালি তাদের জন্য মরণফাঁদে পরিণত হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি অবরুদ্ধ করার নির্দেশ দেন। তিনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রাখবে। পাশাপাশি যেসব জাহাজ এই প্রণালি অতিক্রম করার সময় ইরানকে টোল প্রদান করেছে, শক্তি প্রয়োগ করে সেগুলোকেও আটকে দেওয়া হবে।

ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে টোল দেওয়া কোনো জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় নির্বিঘ্নে চলতে দেওয়া হবে না। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই নির্দেশনার কথা জানান।

তিনি উল্লেখ করেন, এখন থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ ও বের হওয়া সব জাহাজ অবরুদ্ধ করবে। যুক্তরাষ্ট্র চায় সব জাহাজ স্বাধীনভাবে যাতায়াত করুক, কিন্তু ইরান মাইন থাকার অজুহাতে সেটি হতে দিচ্ছে না। কোথায় মাইন পোঁতা আছে তা কেবল ইরানিরাই জানে বলে তিনি দাবি করেন।

এই পরিস্থিতিকে তিনি বিশ্বব্যাপী চাঁদাবাজি হিসেবে আখ্যায়িত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে বিশ্বের নেতারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই চাঁদাবাজির শিকার হবে না।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬



Explore More Districts