ইরানে অস্ত্র বিক্রিকারী দেশের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের – DesheBideshe

ইরানে অস্ত্র বিক্রিকারী দেশের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের – DesheBideshe



ইরানে অস্ত্র বিক্রিকারী দেশের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের – DesheBideshe

ওয়াশিংটন, ৮ এপ্রিল – প্রায় দেড় মাস ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতির আবহে নতুন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব দেশ ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে তাদের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এবং ইরান বর্তমানে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছে।

তবে একই সঙ্গে তেহরানের মিত্র দেশগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্প স্পষ্ট করে বলেন, যারা ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক বসানো হবে। এর ক্ষেত্রে কোনো দেশকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এই যুদ্ধবিরতি চূড়ান্ত হওয়ার আগে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনা করেছেন। প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির রাতভর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছিলেন।

পরবর্তীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এস এম/ ৮ এপ্রিল ২০২৬



Explore More Districts