ইউক্রেনের ড্রোন হামলায় বিপর্যস্ত রাশিয়া, কারখানা সরাচ্ছে মস্কো – DesheBideshe

ইউক্রেনের ড্রোন হামলায় বিপর্যস্ত রাশিয়া, কারখানা সরাচ্ছে মস্কো – DesheBideshe



ইউক্রেনের ড্রোন হামলায় বিপর্যস্ত রাশিয়া, কারখানা সরাচ্ছে মস্কো – DesheBideshe

মস্কো, ৬ এপ্রিল – রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা জোরদার করেছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী ইউক্রেনের একটি ড্রোন হামলায় বাল্টিক বন্দর প্রিমোরস্কের নিকটবর্তী একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারাবাহিক এসব হামলায় বেশ চাপে পড়েছে মস্কো। ইউক্রেনের আক্রমণ এড়াতে রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা দূরের নিরাপদ এলাকায় সরিয়ে নিচ্ছে। দক্ষিণ পশ্চিম সাইবেরিয়ার ওমস্ক এবং উরাল পর্বতের কাছের পার্ম শহরে নতুন করে এসব কারখানা স্থাপন করা হচ্ছে।

ইউক্রেনের দূরপাল্লার হামলা বৃদ্ধির কারণে ক্রেমলিনের উদ্বেগ চরম আকার ধারণ করেছে। এসব হামলায় রাশিয়ার তেল উৎপাদন এবং সামরিক সরঞ্জাম সংশ্লিষ্ট স্থাপনা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এপ্রিল মাসের শুরুর দিকে ইউক্রেনের ড্রোন হামলায় বাশকোর্তোস্তানের উফা শহরে অবস্থিত বাশনেফত নোভোইল তেল শোধনাগারের একটি বড় ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ইউনিটটি পুরো শোধনাগারের ২৮ শতাংশ ক্ষমতা বহন করত।

তবে অন্য তিনটি ইউনিট বর্তমানে চালু রয়েছে। অন্যদিকে ৫ এপ্রিল প্রিমোরস্কের কাছে একটি রুশ তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটে। জায়গাটি এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের মাঝামাঝি এলাকায় অবস্থিত। এছাড়া কস্তোভস্কি শোধনাগার এবং নোভোহিরকোভস্কায়া তাপবিদ্যুৎ কেন্দ্রেও ক্ষতির খবর পাওয়া গেছে। শুধু স্থলভাগেই নয় সমুদ্রেও হামলা চালাচ্ছে ইউক্রেন।

ভূমধ্যসাগরে রাশিয়ার শ্যাডো ফ্লিট নামের ট্যাংকারগুলো লক্ষ্য করেও আঘাত হানা হচ্ছে। এদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক সময়ে স্থবির হয়ে পড়েছে। চলতি বছর আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তিন দফা উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও পূর্ব ইউক্রেনের ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়েই অগ্রগতি হয়নি।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬



Explore More Districts