হরমুজ প্রণালি খুলতে ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি – DesheBideshe

হরমুজ প্রণালি খুলতে ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি – DesheBideshe



হরমুজ প্রণালি খুলতে ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি – DesheBideshe

ওয়াশিংটন, ৫ এপ্রিল – ইরানের কাছে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কড়া পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি ইরানকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন যে মঙ্গলবার হবে ইরানে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস। প্রণালি খুলে না দিলে ইরানকে চরম পরিণতির সম্মুখীন হতে হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি দেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাসের বেশি সময় ধরে চলা উত্তেজনায় ইরান পিছু হটার কোনও লক্ষণ দেখাচ্ছে না। মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে তেহরানের হামলার প্রেক্ষাপটে ইরানের শাসকগোষ্ঠীকে বারবার সতর্ক করার পর এই বার্তা দিলেন ট্রাম্প।

এর আগে তিনি হুমকি দিয়েছিলেন যে সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে তিনি ইরানে ভয়াবহ হামলা চালাবেন। এদিকে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা শত্রু সীমানার ভেতর থেকে নিখোঁজ এক পাইলটকে উদ্ধার করেছে বলে ট্রাম্প জানিয়েছেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এফ ১৫ ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শনিবার তল্লাশি চালিয়ে ওই পাইলটকে উদ্ধার করে মার্কিন বাহিনী। ইরান ওই পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। ট্রাম্প নিশ্চিত করেছেন যে পাইলট আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ট্রাম্প আরও জানান যে ইরানের পাহাড়ের গভীর থেকে গুরুতর আহত এবং অত্যন্ত সাহসী ওই এফ ১৫ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। ইরানি সামরিক বাহিনী তাকে হন্যে হয়ে খুঁজছিল। জীবন ও সরঞ্জামের ঝুঁকির কারণে এ ধরনের অভিযান অত্যন্ত বিরল। দিনের আলোতে প্রথম অভিযানে পাইলটকে উদ্ধার করা হয় এবং মার্কিন বাহিনী সেখানে সাত ঘণ্টা অবস্থান করে।

এই সফল অভিযানের পর সোমবার দুপুর ১টায় ওভাল অফিসে সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬



Explore More Districts