চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চুরির অভিযোগ এনে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার দাঁতমারা ইউপির ৮নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহতের নাম মো. আবছার। একই ঘটনায় আহত অন্যজনের নাম মো: রাসেল।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা ৪টার দিকে নিহত ও আহত যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে গ্রাম্য সালিশ বসানো হয়। এসময় স্থানীয় একদল লোক তাদের চোর সন্দেহে মারধর করে। সেখানে তাদের মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধর করা হয়।
জানা যায়- আহত অবস্থায় নিহতের পরিবার তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার আগেই আবছার মারা যান। ঘটনার পর ভূজপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন- খবর পাওয়ার সাথে সাথে হাটহাজারী সার্কেলসহ ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ধরার অভিযান চালাচ্ছে। তিনি বলেন- নিহত ও আহতদের বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে তা বিচার করার জন্য প্রশাসন রয়েছে কেউ চাইলে এভাবে মেরে ফেলতে পারেনা। অভিযুক্তদের ধরার সুবিধার্থে তিনি তাদের পরিচয় গোপন রাখেন।




