| ৪ April ২০২৬ Saturday ১০:১৩:৫২ PM | |

অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে অব্যবস্থাপনার চিত্র চোখে পড়ার মতো।
ইন্টারনেট সার্ভিস ও ডিশ ক্যাবল অপারেটরদের তারগুলো এলোমেলো ভাবে খুঁটিতে পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। অনেক তার বৈদ্যুতের তারের সঙ্গেও পেঁচিয়ে রাখা হয়েছে। এতে যেমন নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য, তেমনি বাড়ছে প্রাণহানির ঝুঁকিও।শহরের কাশারীপট্টি এলাকায়ও বৈদ্যুতের তার ঝুলে গেছে অনেকাংশে।
এই এলাকাটি ব্যবসায়ীদের প্রানকেন্দ্র হওয়ায় প্রতিদিন চলাচল করে ছোট বড় বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রলি, ট্রাক। তারগুলো ঝুলে থাকায় প্রায়ই ছিড়ে পড়ছে রাস্তায়। যে কোন সময় বড় দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কায় দিন যাপন করছে এলাকাবাসী। রাস্তার ওপর দিয়ে মাকড়সার জালের মতো অনেক তার রাখা হয়েছে। কিছু তার আবার নিচে ঝুলে মানুষের হাঁটার পথে বাধা সৃষ্টি করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝুলে থাকা তারের জঞ্জালে প্রায়ই আটকে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। অনেক সময় ট্রাকের ধাক্কায় সড়কের ওপর ছিঁড়ে পড়ছে তারের জটলা। মৃদু বৃষ্টি বা ঝোড়ো হাওয়াতেই তার ছিঁড়ে পড়ে থাকে, তখন পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারের জঞ্জাল ও ঝুলে থাকার কারণে অগ্নিকাণ্ড সহ যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলেও এলাকাবাসী মন্তব্য করেছেন।
শহরবাসী জানায়, খুঁটিতে অগণিত তার ঝুলন্ত অবস্থায় রাখা থাকে। কোনটা বিদ্যুতের, কোনটা ইন্টারনেটের, বুঝতে পারি না। একটু বাতাস হলেই তারগুলো দুলতে থাকে। ভয় লাগে কখন কী হয়।
একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় বাসিন্দা অশোক কংশ বনিক জানান, অবিলম্বে এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নইলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা ঠেকানো কঠিন হয়ে পড়বে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


