পুলিশের উপস্থিতি খবর শুনে গ্রেফতার আতঙ্কে বকুল মিয়ার মৃত্যু: এলাকায় উত্তেজনা – Habiganj News

পুলিশের উপস্থিতি খবর শুনে গ্রেফতার আতঙ্কে বকুল মিয়ার মৃত্যু: এলাকায় উত্তেজনা – Habiganj News

হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে ‘পুলিশ আসছে’—এমন খবর শুনে আতঙ্কে দৌড় দিতে গিয়ে বকুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বকুল মিয়া ওই গ্রামের তুরুই মিয়ার ছেলে।

এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে সুনেশ্বর গ্রামে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়। এ ঘটনায় একটি পক্ষ মামলা দায়ের করলে এলাকায় গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার দিন বিকেলে বকুল মিয়া নিজ ঘরের চালে কাজ করছিলেন। এ সময় হঠাৎ কেউ ‘পুলিশ আসছে’ বলে চিৎকার করলে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে দৌড় দেন।

কিছুদূর যাওয়ার পরই তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বকুল মিয়ার মৃত্যুকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ কেউ এটিকে হৃদরোগ বা স্ট্রোকজনিত মৃত্যু বলে দাবি করছেন। আবার একটি পক্ষ এই ঘটনাকে পূর্বের সংঘর্ষের সাথে যুক্ত করে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গ্রামে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রাথমিকভাবে জানা গেছে বকুল মিয়া বুকে ব্যথাজনিত কারণে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সময় সেখানে কোনো পুলিশ উপস্থিত ছিল না। কারা ‘পুলিশ আসছে’ বলে চিৎকার করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্কে দৌড়ানোর সময় তিনি সম্ভবত হার্ট অ্যাটাক বা স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

Explore More Districts