হরমুজ প্রণালি থেকে নিজেদের তেল সংগ্রহ করতে নিরপেক্ষ দেশগুলোর প্রতি ট্রাম্পের আহ্বান – DesheBideshe

হরমুজ প্রণালি থেকে নিজেদের তেল সংগ্রহ করতে নিরপেক্ষ দেশগুলোর প্রতি ট্রাম্পের আহ্বান – DesheBideshe

হরমুজ প্রণালি থেকে নিজেদের তেল সংগ্রহ করতে নিরপেক্ষ দেশগুলোর প্রতি ট্রাম্পের আহ্বান – DesheBideshe

মধ্যপ্রাচ্য, ৩১ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যেসব দেশ সরাসরি যুক্ত হয়নি, তাদের হরমুজ প্রণালি থেকে নিজেদের তেল সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র কোনো দেশকে সহায়তা করবে না।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যেসব দেশ এই যুদ্ধে জড়াতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের উচিত কিছুটা সাহস সঞ্চয় করে হরমুজ প্রণালিতে প্রবেশ করা এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা।

তিনি আরো বলেন যে যুক্তরাষ্ট্র আর সেখানে কাউকে সাহায্য করতে যাবে না, ঠিক যেমন ওই দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রয়োজনে পাশে ছিল না। ট্রাম্পের দাবি, ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে এবং কঠিন কাজটি এরই মধ্যে শেষ হয়েছে। তাই এখন সবার উচিত নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ পরিবাহিত হয়।

গত এক মাসেরও বেশি সময় ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে এই নৌপথে চরম উত্তেজনা বিরাজ করছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য তেল আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার যেসব দেশ এই যুদ্ধে সরাসরি জড়িত নয়, তারা এরই মধ্যে তীব্র জ্বালানি সংকটের সম্মুখীন হয়েছে।

এ এম/ ৩১ মার্চ ২০২৬



Explore More Districts