মাতৃবিয়োগের শোকে কাতর অভিনেতা প্রকাশ রাজ, শোকবার্তা পবন কল্যাণের – DesheBideshe

মাতৃবিয়োগের শোকে কাতর অভিনেতা প্রকাশ রাজ, শোকবার্তা পবন কল্যাণের – DesheBideshe

মাতৃবিয়োগের শোকে কাতর অভিনেতা প্রকাশ রাজ, শোকবার্তা পবন কল্যাণের – DesheBideshe

মুম্বাই, ৩০ মার্চ – ভারতের বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজের মা সুবর্ণলতা ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। গুণী এই অভিনেতার মাতৃবিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রখ্যাত অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। এক শোকবার্তায় তিনি জানান, বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজের মা সুবর্ণলতা গারুর প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।

পাশাপাশি সাবেক বিধায়ক বিষ্ণু বর্ধন রেড্ডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এই কঠিন সময়ে প্রকাশ রাজ ও তার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। ব্যক্তিগত জীবনে মায়ের সঙ্গে প্রকাশ রাজের অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। পূর্বে এক সাক্ষাৎকারে মাকে নিজের জীবনের রানি হিসেবে উল্লেখ করে এই তারকা জানিয়েছিলেন যে জীবনের প্রতিটি পদক্ষেপে মা তার ছায়ার মতো সঙ্গী ছিলেন। সুবর্ণলতা দেবীর জীবন সংগ্রাম ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। শৈশবে মাকে হারিয়ে অনাথ আশ্রমে বেড়ে ওঠার পর তিনি পেশাগত জীবনে একজন নার্স হিসেবে কাজ শুরু করেছিলেন।

সেখানেই এক রোগীর চিকিৎসাকালীন প্রকাশ রাজের বাবার সঙ্গে তার পরিচয় ও প্রণয় গড়ে ওঠে। প্রকাশ রাজের স্মৃতিচারণ থেকে জানা যায়, সংসারজীবনে তার মাকে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তার বাবা মদ্যপানে আসক্ত ছিলেন এবং মাসের পর মাস সংসার থেকে দূরে থাকতেন। তা সত্ত্বেও অসীম ধৈর্য ও সাহসিকতার সঙ্গে সুবর্ণলতা দেবী একা চার সন্তানকে বড় করে তুলেছেন। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নিজের বোনদের বিয়ে দেওয়ার দায়িত্বও তিনি সফলভাবে পালন করেছিলেন। নিজের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অভাবের সংসারেও তিনি অন্যের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতেন। আজ প্রিয় সেই মাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন দক্ষিণী এই জনপ্রিয় তারকা।

এস এম/ ৩০ মার্চ ২০২৬



Explore More Districts