
ঢাকা, ২৯ মার্চ – প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ এবং অসন্তোষের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রবিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে মন্ত্রী জানান, প্রিপেইড মিটারে মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যাপক অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের মূল অভিযোগ ছিল, মিটারের আসল দাম আদায় হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে অযৌক্তিকভাবে এই ভাড়া নেওয়া হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন যাবত এই চার্জ বাতিলের জোর দাবি জানানো হচ্ছিল। সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তকে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জন্য একটি বড় ধরনের স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ এম/ ২৯ মার্চ ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের first appeared on DesheBideshe.

