ইরানকে নিষ্ক্রিয় রাখতে আরও কিছুদিন অভিযান চালাবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স – DesheBideshe

ইরানকে নিষ্ক্রিয় রাখতে আরও কিছুদিন অভিযান চালাবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স – DesheBideshe

ইরানকে নিষ্ক্রিয় রাখতে আরও কিছুদিন অভিযান চালাবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স – DesheBideshe

ওয়াশিংটন, ২৮ মার্চ – ইরানকে দীর্ঘ মেয়াদের জন্য নিষ্ক্রিয় ও শক্তিহীন করার লক্ষ্যে ওয়াশিংটন আরও কিছুদিন দেশটিতে সামরিক অভিযান অব্যাহত রাখবে। তবে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সম্প্রতি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার বেনি জনসনের পডকাস্ট বেনি শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পডকাস্টে যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি বিষয়ক এক প্রশ্নের জবাবে ভ্যান্স জানান, ইরানে যুক্তরাষ্ট্র তাদের বেশিরভাগ সামরিক লক্ষ্য ইতোমধ্যেই অর্জন করেছে। তিনি স্বীকার করেন যে, এই সামরিক সাফল্য হয়তো স্থায়ী হবে না। তবে তার মতে, মার্কিন প্রেসিডেন্ট আরও কিছুদিন এই অভিযান চালিয়ে যাবেন, যাতে একবার ফিরে আসার পর দীর্ঘ সময় পর্যন্ত সেখানে দ্বিতীয়বার অভিযান চালানোর প্রয়োজন না হয়।

গত ২৭ মার্চ ওয়াশিংটনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানেও ভ্যান্স একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ইরান নানাভাবে যুক্তরাষ্ট্রকে হুমকি দিচ্ছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছে। তাই দেশটিকে দীর্ঘ সময়ের জন্য দমন করে রাখা বা নিষ্ক্রিয় করাই তাদের মূল উদ্দেশ্য।

যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়টি স্বীকার করলেও ভ্যান্স একে স্বল্পমেয়াদি সংঘাতের একটি সাময়িক প্রভাব বলে উল্লেখ করেন। তিনি স্পষ্ট করেন যে, ইরানে এক বা দুই বছর অবস্থান করার কোনো পরিকল্পনা তাদের নেই।

যুক্তরাষ্ট্র বর্তমানে নিজেদের কাজ গুছিয়ে আনছে এবং শিগগিরই সেখান থেকে বেরিয়ে আসবে। এরপর জ্বালানি তেলের দামও পুনরায় স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনএন/ ২৮ মার্চ ২০২৬



Explore More Districts