বাঁশখালী সড়কে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ছয় মামলা – দৈনিক আজাদী

বাঁশখালী সড়কে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ছয় মামলা – দৈনিক আজাদী





পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা মানুষের পকেট কাটা ও অতিরিক্ত ভাড়া আদায়ের সিন্ডিকেট ভাঙতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিনব এক ঝটিকা অভিযান চালিয়েছে প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ম্যাজিস্ট্রেটের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় চালকরা কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি খালেদ সাইফুল্লাহকে সাথে নিয়ে মাঠে নামেন ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন।

অভিযানকালে অতিরিক্ত ভাড়ার প্রমাণ হাতেনাতে মেলায় তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ছয়টি মামলায় ২ দুই হাজা ৮আটশত টাকা জরিমানা প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন বলেন, ঈদফেরত যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে এই কৌশলগত অভিযান চালানো হয়েছে। যারা জনদুর্ভোগ বাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।




Explore More Districts