
যশোর, ২৭ মার্চ – যশোর ও নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে নড়াইল এক্সপ্রেস নামের ওই বাসটিতে হঠাৎ আগুন ধরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল চারটার দিকে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বাসটি। সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছানোর পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান বাসটি ছাড়ার আগেই চালক যান্ত্রিক ত্রুটির কথা মালিকপক্ষকে জানিয়েছিলেন। মালিকপক্ষের চাপে বাধ্য হয়ে তিনি গাড়িটি নিয়ে রওনা দেন।
এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এনএন/ ২৭ মার্চ ২০২৬




